বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ২৪ নভেম্বর একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ প্রদান করবেন। সেই ভাষণের খসড়া সোমবার মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। বাসস জানায়, বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চ্যুয়ালি বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে ব্রিফিংয়ে বলেন, এটা একটা স্পেশাল ভাষণ হচ্ছে। সাধারণত রাষ্ট্রপতি কোনো অধিবেশনের শুরুতে ভাষণ দেন। মুজিববর্ষ উপলক্ষে তিনি একটা ভাষণ দিয়েছিলেন। সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে রাষ্ট্রপতি এই বিশেষ ভাষণ দেবেন।
ভাষণের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, রাষ্ট্রপতি আগামী ২৪ নভেম্বর এ ভাষণ দেবেন। দেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্যাপনের অংশ হিসেবে আগামী ২৪ ও ২৫ নভেম্বর সংসদে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে।
