ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের সোনালী অধ্যায় চলছে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সোমবার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান আয়োজিত অনুষ্ঠানের একটি ছবি রাজনাথ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন বলে জানায় হিন্দুস্তান টাইমস।
তিনি বলেন, ‘এই বছরটি ভারত-বাংলাদেশ সম্পর্কের জন্য অসাধারণ তাৎপর্যপূর্ণ। কারণ আমরা বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদ্যাপন করছি।’
ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক সোনালী অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। নিরাপত্তা, বাণিজ্য, কানেকটিভিটি বেড়েছে। পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যকার বিনিময়ের মতো ঐতিহ্যগত ক্ষেত্রে সহযোগিতা ক্রমাগতভাবে গভীর হয়েছে।’
তিনি বলেন, ‘দুই দেশের অংশীদারিত্ব পারমাণবিক প্রযুক্তি, আইটি, উদ্ভাবন এবং ব্লু অর্থনীতির মতো নতুন এবং উদীয়মান ক্ষেত্রেও প্রসারিত হচ্ছে।’
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পাশে থাকা ভারতীয় সেনাদের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করে রাজনাথ বলেন, ‘বাংলাদেশের প্রতি ভারতের সর্বাত্মক সমর্থন স্বাভাবিক। এটা এসেছে ঐতিহাসিক অভিজ্ঞতা এবং গভীর মানসিক, সাংস্কৃতিক, ভাষাগত এবং ভ্রাতৃত্বপূর্ণ বন্ধনের মাধ্যমে।’
তিনি বলেন, ‘ভারত ও বাংলাদেশের জনগণকে এগুলো এক সূত্রে গেঁথে রাখে। আমরা গর্বিত যে এই বন্ধুত্ব আরও সমৃদ্ধ হয়েছে সময়ের সঙ্গে।’
